আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার পেলেন যারা

0
560

প্রথম আলোর খবর অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ভূমিকা রাখার জন্য গত সাত ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

প্রথমবারের মতো ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হল। ছয়জন একনিষ্ঠ উদ্যোক্তাকে পাঁচটি খাত ও একটি বিশেষ উদ্যোগের ক্ষেত্রে কাজ করার জন্য সম্মাননা দেওয়া হয়েছে।

এবছর আইডিএলসি-প্রথম আলো এসএমই পুরস্কার বিজয়ীরা হলেন- স্বাস্থ্যখাতে অবদান রাখার জন্য বাইবিট লিমিটেডের প্রতিষ্ঠাতা সভাপতি খোন্দকার সিদ্দিক-ই-রব্বানী। শিক্ষায় তথ্য ও প্রযুক্তিভিত্তিক প্রশিক্ষণবিষয়ক উদ্যোগ ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মো. মনির হোসেন। কৃষিতে অবদান রাখার জন্য রাইয়্যান অ্যাগ্রো লিংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাজিয়া সুলতানা। উৎপাদন শিল্পে  দেশীয় প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে কৃষিযন্ত্র তৈরির প্রতিষ্ঠান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের স্বত্বাধিকারী মো. ওলি উল্লাহ। নারী উদ্যোক্তা ক্যাটাগরিতে নবাবী ফুটওয়্যারের এমডি কামরুন্নাহার খানম। এ ছাড়া মাটি ও সিরামিক দিয়ে তৈরি নিত্যপণ্য প্রসার ও জনপ্রিয়করণে বিশেষ পুরস্কার পেয়েছেন ক্লে ইমেজের স্বত্বাধিকারী রেহানা আক্তার।

১ হাজার ৭০টি মনোনয়ন থেকে ৬ জন বিজয়ী বাছাইয়ে পাঁচ সদস্যের জুরিবোর্ড এই পুরস্কারপ্রাপ্তদের নির্বাচিত করেন। জিরিবোর্ডে ছিলেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট নাজনীন আহমেদ। জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশের (নাসিব) সভাপতি মির্জা নূরুল গণী। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. জাকের হোসেন। এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান এবং এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ গাজী তৌহীদুর রহমান।

অনুষ্ঠানে পুরস্কার বিজয়ী ছয় উদ্যোক্তার উঠে আসার গল্প ভিডিও চিত্র আকারে দেখানো হয়।