পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে কর্তৃক পরিচালিত ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ নামে একটি ট্রেন চালু হয়েছে। এ ট্রেনে করে কোরবানির পশু দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় পৌঁছে দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। ক্যাটল স্পেশাল ট্রেনে দেশের বিভিন্ন জায়গা থেকে ৮০৩টি গরু গত ১৭ ও ১৮ তারিখ ঢাকা এসে পৌঁছেছে।
শনিবার (১৭ জুলাই) রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহ। রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ থেকে ১৯ জুলাই এই তিনদিন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকা রুটে ট্রেনটি চলাচল করবে।
বেপারীরা এই স্পেশাল ট্রেনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ট্রেন চালুর ফলে সড়কপথে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পালা যেমন শেষ হবে তেমনি কোরবানির পশু ছিনতাই ও ট্রাকে চাঁদাবাজির অবসান হবে।
ওয়াগনগুলোতে বাঁশের ফ্রেমে বেঁধে কোরবানির পশুগুলো পরিবহনের উপযোগী করা হয়েছে। প্রতিটি ওয়াগনে ২০টি করে গরু পরিবহন করা যায়। প্রতিটি গরুর জন্য ৫৯২ টাকা এবং ছাগল ও ভেড়ার ক্ষেত্রে ২৯৬ টাকা ভাড়া দিতে হয়। প্রথমদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে ৮০টি গরু পাঠানো হয়।
রেলপথ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ক্যাটল স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী থেকে ৯টি ওয়াগনে ৯৭টি গরু সকালে কমলাপুর স্টেশনে পৌঁছায়। তাতে ভাড়া বাবদ রেলওয়ের আয় হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা।
এ ছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু এবং দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু এবং ২০টি ছাগল নিয়ে দুটি ক্যাটল স্পেশাল ট্রেন গতকাল সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছেছে। এ দুটি স্পেশাল ট্রেনের ভাড়া বাবদ ৩ লাখ ৬৭ হাজার টাকা পেয়েছে রেলওয়ে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে এসেছে।
কোরবানির আর মাত্র কয়েকদিন বাকি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য দেশে এবার ১ কোটি ১৯ লাখ পশু প্রস্তুত রয়েছে। লকডাউন শিথিল করায় দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। তবে হাটে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। দূর-দূরান্ত থেকে বিক্রেতারা দর্শনীয় বড় বড় গরু নিয়ে এলেও কাঙ্ক্ষিত ক্রেতা পাচ্ছেন না। আবার ক্রেতারাও সাধ্যের মধ্যে পাচ্ছেন না পছন্দের গরু।
তথ্যসূত্র- সময় সংবাদ
