চলমান করোনা পরিস্থিতিতে নিজেকে আইটি খাতের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এখনই সবচেয়ে সঠিক সময়। আর এই পরিস্থিতিতে নতুন কোনো কিছুতে খুব বেশি বিনিয়োগ করা উচিত হবে না। চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপ ও আইপিডিসি ফাইন্যান্স এর যৌথ প্রযোজনায় ‘আমরা উদ্যোক্তা, আমরা যোদ্ধা’ শীর্ষক লাইভ শোতে এসব কথা বলেন বক্তারা।
২৭ই জুন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক অফিসিয়াল ফেসবুক পেইজ এবং চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেইজে লাইভটি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন পি আর টি সি রিহ্যাব এন্ড ফিজিওথেরাপি সেন্টার এর প্রতিষ্ঠাতা উম্মে শায়লা রুমকী।
টেকনেক্সট লিমিটেডের কো-ফাউন্ডার ও ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ রিজওয়ানুল হক বলেন, বিগত ১০ বছরে অনেক সরকারি এবং বেসরকারি ট্রেইনিং প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা প্রতিনিয়ত আইটি খাতে নতুন উদ্যোক্তা তৈরিতে তাদের সর্বোচ্চটা দিয়ে যাচ্ছেন। আর ঘরে বসে কাজ করা বা উদ্যোক্তা হওয়ার জন্য এই মুহূর্তে আইটি খাতকেই উপযুক্ত বলে মনে করেন তিনি।
কারিগর এর ম্যানেজিং ডিরেক্টর তানিয়া ওয়াহাব বলেন, ‘এই সময়ে আমাদের নতুন কিছুতে খুব বেশি বিনিয়োগ করা উচিত হবেনা। উদ্যোক্তারা যে বিষয় নিয়ে কাজ করছিলেন তারই প্রসার নিয়ে চিন্তা করা উচিত। নতুন কৌশলে এই সময়ে কিভাবে তার সদ্ব্যবহার করা যায় তা নিয়ে ভাবা উচিত।
রিভিল ইভেন্ট ম্যানেজমেন্ট এর সিইও এবং প্রতিষ্ঠাতা মরতুজা হুদা সবুজ বলেন, ইভেন্ট ম্যানেজমেন্ট এর কাজগুলোর সাথে অনেক মানুষ সম্পৃক্ত থাকে এবং তাদের একই জায়গায় কাজ করতে হয়। এই সময় এই ধরণের ফিজিকাল ইভেন্টগুলোর জায়গায় লাইভ ইভেন্ট ম্যানেজমেন্টের দিকে ঝুঁকছি এবং প্রতিনিয়ত নতুন কিছু শিখছি।
শাবাব লেদার এর সিইও এবং প্রতিষ্ঠাতা মাক্সুদা খাতুন জানান, কোভিড-১৯ এর কারণে তার প্রতিষ্ঠান নানা সমস্যার সম্মুখিন হচ্ছে যার মধ্যে অন্যতম হচ্ছে পণ্য সরবরাহ জনিত সমস্যা। তিনি বলেন, বর্তমানে অর্ডার পাওয়ার চেয়ে তা পৌঁছে দেওয়া আরো বেশি কঠিন। এ ধরনের সমস্যা থেকে রক্ষা পেতে তিনি পার্সোনাল ডেলিভারি ম্যানও রেখেছেন বলে জানান।
টি–আর্ট এর বিজনেস ডেভেলপমেন্ট এর প্রধান মাহমুদুল আলম বলেন, তিনি এখন তার সকল পণ্যের অর্ডার অনলাইনেই নেন এবং ডেলিভেরি দেন। তিনি বলেন, এই করোনা পরিস্থিতি যেমন স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার মতো একটি সুন্দর অভ্যাস গড়ে তুলতে বাধ্য করেছে ঠিক তেমনি সবাইকে স্বাস্থ্যসম্মত চা খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। বর্তমান পরিস্থিতিতে কোনো টি–স্টল বা অন্যকোনো ফিজিকাল স্টোর দেওয়া উচিত নয়।
https://www.facebook.com/bdosn/videos/271734830831441/
