উদ্যোক্তাদের জন্য প্রায় ৯০০ কোটি টাকার তহবিল আসছে

0
234

স্টার্টআপ খাতের নতুন উদ্যোক্তাদের সহায়তা করতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই তহবিল থেকে শুধু স্টার্টআপ কোম্পানিগুলোকে মূলধন জোগান দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

গত ৭ এপ্রিল বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট বা বিনিয়োগ সম্মেলনে ‘স্টার্টআপ কানেক্ট’ অধিবেশনে প্যানেল আলোচনায় এসব কথা জানান গভর্নর। এ বিষয়ে শিগগিরই একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।

আহসান এইচ মনসুর বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে স্টার্টআপ খাতের এ তহবিল বিতরণ করা হবে। তিনি আরও বলেন, ‘স্টার্টআপগুলোর লাভ এক দিনেই আসে না। আপনাকে ধৈর্য ধরতে হবে, আপনাকে অধ্যবসায় করতে হবে।’

অনুষ্ঠানে ভার্চ্যুয়াল মাধ্যমে রেকর্ড করা বক্তব্য দেন লিংকডইনের সহপ্রতিষ্ঠাতা রিড হফম্যান। প্যানেল আলোচনায় আরও উপস্থিত ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার আইসিটি–বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, আইসিটি সচিব শীশ হায়দার চৌধুরী।

সেমিনারে মুল প্রবন্ধে বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনা তুলে ধরেন কনস্টিলেশন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির চেয়ারম্যান বাংলাদেশি বংশোদ্ভূত কানাডার নাগরিক তানভীর আলী। তিনি বলেন, দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশে উদ্ভাবনী, স্টার্টআপ উদ্যোগের চাহিদা বেশি। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে স্টার্টআপ খাতে এখনো বিনিয়োগ কম।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যবসা করার ক্ষেত্রে, বিশেষ করে নতুন উদ্যোক্তাদের জন্য ব্যবসা করার লাইসেন্স পাওয়াসহ সরকারি লালফিতার দৌরাত্ম্য বেশ রয়েছে। প্রতিবছর বছর ট্রেড লাইসেন্স নবায়ন করতে গিয়ে ভোগান্তির মধ্যে পড়তে হয় ব্যবসায়ীদের।

তথ্যসুত্র: প্রথম আলো অনলাইন