আশিকুর রহমান অমিত একজন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তি। তিনি বাংলাদেশে দৃষ্টি প্রতিবন্ধী প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। প্রতিবন্ধী মানুষ এর মূল স্রোতধারায় অন্তর্ভুক্তির প্রযুক্তিগত সমস্যা সমাধানের লক্ষে ২০১৭ সালের ২৪শে ডিসেম্বর বাংলাদেশের প্রথম সহায়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ইনোভেশন গ্যারেজ লিমিটেড প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর হতেই ইনোভেশন গ্যারেজ লিমিটেড বাংলা ভাষায় প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক প্রযুক্তির গবেষণা, উদ্ভাবন এবং প্রতিবন্ধী মানুষের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে আসছে।
ইনোভেশন গ্যারেজ এর উদ্ভাবিত প্রযুক্তি গুলোর মধ্যে রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জেপিইজি এবং পিডিএফ রিডিং মোবাইল অ্যাপ কথক, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের ওয়ার্ড ডকুমেন্ট পড়ার মোবাইল অ্যাপ অ্যাক্সেসিবল ডক রিডার, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশগম্য লাইব্রেরি সিস্টেম টকিং বাংলা লাইব্রেরি।
প্রতিষ্ঠানটি সহায়ক প্রযুক্তি উদ্ভাবন ছাড়াও সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের প্রযুক্তির প্রবেশগম্যতা নিরীক্ষণ এবং প্রবেশগম্য প্রযুক্তি তৈরীতে পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও ইনোভেশন গ্যারেজ লিমিটেড এর একটি ব্রেইল মুদ্রণ উৎপাদন কার্যক্রম রয়েছে, যার মাধ্যমে সরকারী ও বেসরকারী উন্নয়ন সংস্থার জন্য ব্রেইল পদ্ধতির নথি পাঠ্য পুস্তক তৈরী করে।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যে সহায়ক প্রযুক্তি উদ্ভাবন ও গবেষণায় অবদানের জন্য বেসিস কর্তৃক ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২, তথ্য প্রযুক্তি বিভাগ কর্তৃক বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা পুরস্কার সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা কর্তৃক পুরষ্কৃত হয়েছে।
ইনোভেশন গ্যারেজ লিমিটেডের ২০২১ সালের কাজের সাফল্যের জন্য উদ্যোক্তা সম্মাননা ২০২১ প্রদান করেছে।
