ডিজিটাল দক্ষতা উন্নয়ন, জ্ঞান ঘাটতি নিরসন এবং রপ্তানিমুখী উদ্যোগ উৎসাহিত করার আহ্বান জানিয়ে উদ্যাপিত হলো আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৫।
বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিল মাইডাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাইডাস বোর্ডের চেয়ারপারসন পারভীন মাহমুদ এফসিএ।
মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল বাশারসহ মাইডাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন এনজিও, বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা এবং ৬০ জনেরও বেশি উদীয়মান ও প্রতিষ্ঠিত উদ্যোক্তা অংশ নেয়।
বক্তব্যে পারভীন মাহমুদ বলেন, “বর্তমান বিশ্বে উদ্যোক্তাদের সামনে যে নতুন নতুন চ্যালেঞ্জ আসছে, তা মোকাবেলায় প্রয়োজন সুনির্দিষ্ট সহায়তা ও প্রযুক্তিগত প্রস্তুতি।” তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর মতো অগ্রসর প্রযুক্তিতে উদ্যোক্তাদের সক্ষমতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য সংগঠনগুলোকে উদ্যোক্তাবান্ধব পরিবেশ তৈরির আহ্বান জানান।
ব্যবস্থাপনা পরিচালক মো. খায়রুল বাশার বলেন, “বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য ই-কমার্স, ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন ব্যবসায়িক কৌশল শেখানো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে তারা বিশ্ববাজারে প্রবেশ করতে পারে।” তিনি তরুণ ও নারী উদ্যোক্তাদের রপ্তানিমুখী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাকরি খুঁজব না চকরি দেব গ্রুপের সভাপতি মুনির হাসান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, মাইডাস বোর্ড সদস্য সাবিনা আলম এবং ড. এস এম আকবর প্রমুখ।
