নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে এক বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় গত ২১ মে নরসিংদী জেলার শিল্পকলা একাডেমিতে। অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার চল্লিশের অধিক নারী উদ্যোক্তা অংশগ্রহণ করেন।

আয়োজনে বক্তব্য রাখেন “চাকরি খুঁজব না, চাকরি দেব” গ্রুপ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BdOSN)-এর সভাপতি জনাব মুনির হাসান। আরও বক্তব্য রাখেন এফএম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. গাজী তৌহীদুর রহমান এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) নরসিংদী জেলা শাখার সভাপতি রুস্তম আলী। এসময় আরও উপস্থিত ছিলেন চাকরি খুঁজব না চাকরি দেব গ্রুপের সমন্বয়ক প্রমি নাহিদ, বাংলাদেশ ফ্লাই ল্যাবসের ডাইরেক্টর নাসির খান সৈকত।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তারা তাদের ব্যবসায়িক পথচলায় বিভিন্ন চ্যালেঞ্জ, সমস্যা এবং সফলতার অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনার মাধ্যমে এসব সমস্যার সম্ভাব্য সমাধান এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আয়োজকেরা জানান, এই ধরনের আয়োজন নারী উদ্যোক্তাদের একে অপরের সঙ্গে সংযুক্ত হতে, পরামর্শ পেতে এবং একসঙ্গে অগ্রসর হতে সাহায্য করে।
উল্লেখ্য, “চাকরি খুঁজব না, চাকরি দেব” প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে দেশের তরুণ উদ্যোক্তাদের উৎসাহ ও সহায়তা দিতে কাজ করে যাচ্ছে।
